Views Bangladesh Logo

দিল্লিতে প্রবল ঝড়-বৃষ্টিতে ফ্লাইট বিলম্ব, গাছ পড়ে নিহত ৪

ভারতের রাজধানী দিল্লিতে প্রবল বাতাস, বৃষ্টি এবং ধুলিঝড়ের কারণে বিমান ও রেল চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রায় ১২০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এছাড়া তীব্র বাতাসে একটি গাছ একটি বাড়ির উপর ভেঙে পড়ায় শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ঝড়ের তাণ্ডবে দিল্লির বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে। দ্বারকা এলাকায় একটি গাছ ভেঙে একটি বাড়ির উপর পড়লে বাড়ির একটি অংশ ধসে যায়, যার ফলে এক নারী ও তার তিন শিশু সন্তানের মৃত্যু হয়।

এছাড়া ভারী বৃষ্টির কারণে দ্বারকা, লাজপত নগর এবং আর কে পুরমের মতো এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সেখানে সকাল থেকে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে ঝড়ের কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলেও ব্যাঘাত ঘটেছে। দিল্লিতে অবতরণের আগে তিনটি ফ্লাইট আহমেদাবাদ ও জয়পুরে ডাইভার্ট করা হয়েছে। ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে একটি ছিল ব্যাঙ্গালোর থেকে দিল্লিগামী এবং অপরটি পুনে থেকে দিল্লিগামী।

ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, দিল্লি বিমানবন্দরে আগত ফ্লাইটগুলো গড়ে ২১ মিনিট এবং প্রস্থানকারী ফ্লাইটগুলো গড়ে ৬১ মিনিট বিলম্বিত হয়েছে। এছাড়া দিল্লি থেকে ছেড়ে যাওয়া ২০টির বেশি ফ্লাইট দেরিতে চলছে।

ভারতের বিভিন্ন বিমান সংস্থা যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে। এক্সে দেয়া এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দিল্লিতে চলাচল করা কিছু ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে এবং বিলম্বে চলছে। যা আমাদের সামগ্রিক ফ্লাইটের সময়সূচির ওপর প্রভাব ফেলতে পারে। আমরা এ বিপর্যয় কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি।”

অন্যদিকে প্রবল বাতাসে গাছ উপড়ে তারের উপর পড়ায় দিল্লিতে রেল চলাচলও ব্যাহত হয়েছে। এর ফলে প্রায় ১৫ থেকে ২০টি ট্রেন বিলম্বে চলছে।

এমন পরিস্থিতিতে দিল্লির বাসিন্দাদের ঘরের মধ্যে থাকার, গাছের নিচে আশ্রয় না নেওয়ার এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছেভারতের আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামী তিন দিন বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়া অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ