Views Bangladesh Logo

পশ্চিমবঙ্গে তৃণমূলের একাধিক কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলার মধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূল কার্যালয়ের ছাদে উঠে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ পাওয়া গেছে। বরানগরের ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগও উঠেছে। জামালপুরে শাসক দলের কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ আনা হয়েছে বিজেপির বিরুদ্ধে।

এছাড়া জামুড়িয়া বিধানসভার চুরুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। বীজপুর ও নোয়াপাড়াতেও তৃণমূলের প্রার্থীরা আক্রান্ত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জেলাশাসক ও পুলিশ সুপারকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে কলকাতার সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। তৃণমূলের কর্মীরা সেখানে অবস্থান নিয়েছিলেন, এ সময় দলের নেতা সুব্রত বক্সিও উপস্থিত ছিলেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই এজেসি বোস রোড ধরে বিজেপি সমর্থকেরা এগিয়ে আসেন এবং পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তারা চেয়ার ভাঙচুর করেন।

এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি বা তার দল এখনও পরাজয় মেনে নিতে প্রস্তুত নন। তিনি বলেন, কাউন্টিং এজেন্টরা কেউ গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। তিনি আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে ১০০টি আসনে এগিয়ে রয়েছে, যা ফলাফলে দেখানো হচ্ছে না এবং নির্বাচনি ফলাফলের নামে মিথ্যা তথ্য পরিবেশন করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ