Views Bangladesh Logo

ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত কয়েকজন

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাসও ব্যবহার করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় তারা নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল থেকেই ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারী গ্রাহকরা। পরে সাড়ে ৯টার দিকে তারা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। একপর্যায়ে তারা ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সেখান থেকে সরে যেতে বলে। কিন্তু আন্দোলনকারীরা কথা না শোনায় এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। পুলিশের এই কঠোর পদক্ষেপে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

আন্দোলনকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। কিন্তু পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর চড়াও হয়েছে। তাদের দাবি অনুযায়ী, পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে বেশ কয়েকজন গ্রাহক আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত একজনকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়টি তারা মেনে নিতে পারছেন না। তাদের আশঙ্কা, এই নিয়োগের ফলে অতীতে ব্যাংকটিতে যেসব অনিয়ম ও বিতর্কের ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি হতে পারে। এই উদ্বেগ থেকেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন।

পুলিশ প্রথম দফায় আন্দোলনকারীদের সরিয়ে দিলেও পরে তারা আবার ইসলামী ব্যাংক এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেন। ঘটনার পর ব্যাংকের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ