তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানজট
বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমাধানের নামে গঠিত সরকারি কমিটির প্রস্তাবের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ অবরোধ শুরু হলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং আশপাশের সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে কারিগরি শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সাতরাস্তা মোড়ে অবস্থান নেন। ফলে ফার্মগেট, মহাখালী, কারওয়ান বাজার ও মগবাজারগামী সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও স্কুলগামী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব বৈষম্যমূলক ও অযৌক্তিক। তারা এই প্রস্তাব বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
এর আগে সোমবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় সরকারি কমিটির ওই প্রস্তাবের বিরুদ্ধে সর্বসম্মতভাবে প্রতিবাদ জানানো হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, কারিগরি শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।
তিনি বলেন, দশম গ্রেডে নিয়োগ ও ৩৩ শতাংশ কোটা বাতিলের দাবিতে তারা আন্দোলন করছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে