Views Bangladesh Logo

থাইল্যান্ডের স্কুলে গুলিতে হামলাকারীসহ নিহত ৭, আহত ১৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরের ননথাবুরি প্রদেশের দেবসিরিন ননথাবুরি স্কুলে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় হামলাকারীসহ মোট সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে থাই পুলিশ জানিয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার সকালে ব্যাং ক্রুয়াই জেলায় অবস্থিত স্কুলটিতে এ হামলার ঘটনা ঘটে। ননথাবুরি প্রাদেশিক পুলিশের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচরাপি কংদি জানান, গুলি চালানোর পর সন্দেহভাজন হামলাকারী, যিনি ওই স্কুলেরই একজন শিক্ষার্থী, আত্মহত্যা করেন।

প্রাথমিকভাবে একজন শিক্ষক নিহত এবং চারজন আহত হওয়ার তথ্য জানানো হলেও পরে পুলিশ হতাহতের সংখ্যা হালনাগাদ করে জানায়, হামলাকারীসহ সাতজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ শুনে শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণিকক্ষে আশ্রয় নেয়। পরে পুলিশ এসে তাদের নিরাপদে বের করে আনে। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়।

হামলার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ধারণ করা ছবিতে দেখা যায়, স্কুলের বাইরে মানুষজন একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন। অন্যদিকে পুলিশ ও জরুরি সেবার কর্মীরা স্কুল ভবনের ভেতরে চলাচল করছেন। ভবনটি নিরাপদ করা হয়েছে বলে মনে হচ্ছিল, তবে হামলাকারীর অবস্থান বা পরিস্থিতি সম্পর্কে কর্মকর্তারা তখনও প্রকাশ্যে নিশ্চিত কোনো তথ্য দেননি।

এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা একটি শ্রেণিকক্ষের ভেতরে লুকিয়ে ছিল। তারা অন্য একটি ভবন থেকে গুলির শব্দ শুনতে পায়। পরে পুলিশ কর্মকর্তারা শ্রেণিকক্ষের দরজায় কড়া নেড়ে শিক্ষার্থীদের বেরিয়ে যাওয়ার জন্য পথ পরিষ্কার করে দেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে স্কুলটিতে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী এবং ১৪৭ জন শিক্ষক রয়েছেন। দেবসিরিন ননথাবুরি স্কুলটি থাই রাজপরিবার প্রতিষ্ঠিত দেবসিরিন স্কুল নেটওয়ার্কের একটি মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলের সাবেক শিক্ষার্থীদের মধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী, শিক্ষাবিদ ও লেখকরাও রয়েছেন।

পুলিশ এখনও হামলার উদ্দেশ্য তদন্ত করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ