ঢাকার বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণ, কাফরুলে বাসে আগুন
ঢাকার বিভিন্ন এলাকায় শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অন্তত সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। তবে এসব ঘটনার পেছনে কারা রয়েছে কিংবা ঘটনাগুলো পরস্পরের সঙ্গে সম্পৃক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের বিপরীত পাশের সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল হাতিরঝিল থানার আওতাধীন এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে যায় বলে জানান হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।
এর আগে রাত ১০টার দিকে কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি। আগুনটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয় বলে জানান তিনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার সেতুর নিচে একটি মাজারের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মালয় বশীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর কয়েক মিনিট আগে, রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে এগুলো ককটেল বিস্ফোরণ বলে ধারণা করে পুলিশ। যাত্রাবাড়ী থানার কর্তব্যরত উপপরিদর্শক মো. হাসানুর জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন।
সন্ধ্যা ৬টার দিকে মহাখালী উড়ালসেতু থেকে নিচের সড়কে একটি ককটেল ছোড়া হলে সেটি বিস্ফোরিত হয়। বনানী থানার উপপরিদর্শক মো. তারেক বিষয়টি নিশ্চিত করেন।
প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটের কাছে সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কারা জড়িত কিংবা ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি।
মতামত দিন