Views Bangladesh Logo

ইরান যুদ্ধ থেকে সরে গেল বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী

মার্কিন নৌবাহিনীর বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সোমবার গ্রিসের ক্রিটে একটি নৌঘাঁটিতে ফিরে এসেছে বলে এএফপির একজন আলোকচিত্রী জানিয়েছেন।

জাহাজটি গত ফেব্রুয়ারিতে সৌদা বে বন্দরে খাদ্য, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহ করেছিল। গত ১২ মার্চ জাহাজের লন্ড্রি কক্ষে আগুন লেগে দুজন নাবিক আহত হন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান অভিযান শুরু করে। এর আগে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছিল, যার মধ্যে ফোর্ড এবং আরেকটি বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনও ছিল। দুটি জাহাজই ইরান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। ফোর্ডের সরে যাওয়ায় এই অঞ্চলে মার্কিন বাহিনীর সক্ষমতায় একটি বড় শূন্যতা তৈরি হয়েছে।

পেন ওয়াশিংটনের বৈশ্বিক নীতি কার্যক্রমের পরিচালক ড্যানিয়েল শ্নাইডারম্যান বলেন, ‘ফোর্ডকে উল্লেখযোগ্য সময়ের জন্য সরিয়ে নেওয়ার মানে হলো যুদ্ধ প্রচেষ্টায় মার্কিন সহায়তা কমে যাওয়া।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের প্রতিরক্ষায় ফোর্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সঙ্গী জাহাজগুলো যদি ইসরায়েলের কাছাকাছি থাকে, তাহলে স্বল্পমেয়াদে এর প্রভাব কিছুটা কম হবে।’

ফোর্ড প্রায় নয় মাস ধরে সমুদ্রে রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ১২ মার্চের আগুনে লন্ড্রি কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় ১০০টি বিছানাও নষ্ট হয়ে গেছে। এ ছাড়া জাহাজের টয়লেট ব্যবস্থায়ও মারাত্মক সমস্যা দেখা দিয়েছে বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ