Views Bangladesh Logo

বিশ্বকাপে সেনেগালের প্রধান চিকিৎসক ছিলেন গাইনোকলজিস্ট!

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে খেলোয়াড়দের চিকিৎসার দায়িত্বে সাধারণত স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞরাই থাকেন। তবে সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন একজন গাইনোকলজিস্ট। এমন বিস্ময়কর দাবি করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফল।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের প্রধান চিকিৎসক ফেদিওর ২০১৭ সাল থেকে সেনেগাল জাতীয় দলের সঙ্গে কাজ করছেন। এই সময়ে তিনি তিনটি বিশ্বকাপ ও পাঁচটি আফ্রিকান কাপ অব নেশনসে দায়িত্ব পালন করেছেন। কিন্তু সম্প্রতি তিনি জানতে পারেন, ফেদিওর মূলত একজন গাইনোকলজিস্ট এবং খেলোয়াড়দের চিকিৎসার জন্য প্রয়োজনীয় স্পোর্টস মেডিসিন–সংক্রান্ত বিশেষায়িত একাডেমিক যোগ্যতা তার ছিল না।

আবদুলায়ে জানান, খেলোয়াড়দের কাছ থেকেও তিনি জেনেছেন, ফেদিওরের প্রতি দলের পূর্ণ আস্থা ছিল না। তাই বিশ্বকাপ চলাকালেই খেলোয়াড়দের চিকিৎসা ও ফিটনেস নিশ্চিত করতে তড়িঘড়ি করে একজন স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞকে দলের সঙ্গে যুক্ত করতে হয়েছিল।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে সেনেগালিজ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন। রয়টার্সের বরাতে সংস্থাটি জানিয়েছে, ফেডারেশন সভাপতির বক্তব্য ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং চিকিৎসকের মানহানি করার শামিল।

এবারের বিশ্বকাপে মাঠের বাইরেও নানা সমস্যায় জর্জরিত ছিল সেনেগাল। বকেয়া বেতন, লজিস্টিক জটিলতাসহ একাধিক ইস্যু সামনে আসে। টুর্নামেন্ট শেষে প্রধান কোচকেও বরখাস্ত করা হয়।

মাঠের পারফরম্যান্সেও হতাশ করেছে আফ্রিকার দলটি। শেষ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় সেনেগালকে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর এবার দলের চিকিৎসককে ঘিরে নতুন এই বিতর্ক দেশটির ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ