শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার, জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত, নতুন সূচি ঘোষণা এবং শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সেখানে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে শিক্ষা ভবনের মূল ফটকের সামনে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে মোতায়েন থাকতে দেখা যায়। বিকেল সাড়ে ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, এ সময় বিসিআইসি কলেজের ১০ থেকে ১২ জন শিক্ষার্থী শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। তারা জানান, তাদের কলেজের আরেকটি দল মিরপুর সড়কে অবস্থান করছে। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেবেন।
শিক্ষার্থীরা জানান, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরা, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তারা আন্দোলন শুরু করেছেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন।
বিসিআইসি কলেজের শিক্ষার্থী আকাশ বলেন, তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। একই সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগের বিচারও দাবি করেন তিনি।
এদিকে আন্দোলনের কারণে রাজধানীর উত্তরা, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুরসহ বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে ধীরগতি ও যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে একই দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় বুধবার শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি ঘোষণা করা হয়।
মতামত দিন