সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ ও ৯ তলা
রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের বলেন, সচিবালয়ের আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ নম্বর ভবনের ৮ ও ৯ তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার কারণ এখনো জানা সম্ভব হয়নি জানিয়ে ফায়ার সার্ভিসের ডিজি আরও বলেন, আগুন নেভানোর পর তদন্তে বিষয়টি জানা যাবে।
প্রাথমিক তথ্যমতে, এই ভবনে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগ।
এর আগে বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে কয়েক মিনিটের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে