৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফা আলোচনা সম্ভব: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফা শুক্রবারের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে।
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আলোচনা শুরু হতে পারে। নিউইয়র্ক পোস্ট এ বিষয়ে ট্রাম্পের অবস্থান জানতে চাইলে খুদে বার্তায় তিনি বলেন, ‘এটা সম্ভব!’
ইরানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি বুধবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা ছিল। এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা খুবই কম।
তবে অবস্থান পরিবর্তন করে ট্রাম্প ঘোষণা দেন, কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে। তিনি বলেন, ইরানি আলোচকরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব উপস্থাপন না করা পর্যন্ত এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে।
যদিও যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে, ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং সেনাবাহিনী ‘সর্বদা প্রস্তুত ও সক্ষম’ অবস্থায় থাকবে।
সম্ভাব্য এই আলোচনা এপ্রিলের শুরুতে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের বৈঠকের পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছিল। দ্বিতীয় দফার আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদ সফরের কথা থাকলেও তা বিলম্বিত হয়।
তবে ইরান দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটি ওয়াশিংটনের অতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, অবস্থানের ঘন ঘন পরিবর্তন, পরস্পরবিরোধী বক্তব্য এবং চলমান নৌ অবরোধের কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, কোনো ইরানি প্রতিনিধি ইসলামাবাদে যায়নি।
এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে—এর মধ্যে রয়েছে ভবিষ্যতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে কি না, তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের কী হবে, এবং কোন কোন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
চূড়ান্ত সমঝোতা হবে কি না, তা মূলত নির্ভর করছে দুই পক্ষ কতটা সমঝোতায় যেতে প্রস্তুত তার ওপর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে