স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগে জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শামীম হায়দার পাটোয়ারী এবং ছাত্রশক্তির পক্ষে আহসান লাবীব। এ ঘটনায় জাতীয় পার্টির অন্তত একজন নেতা আহত হয়েছেন বলে জানা গেছে।
জাতীয় পার্টির দাবি, তারা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যানার ও ফুল নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি পক্ষ পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। তবে তাদের নেতাকর্মীরা ‘ভদ্রভাবে প্রতিরোধ’ করেছেন বলে দাবি করেন দলটির নেতারা।
অন্যদিকে জাতীয় ছাত্রশক্তির অভিযোগ, জাতীয় পার্টি স্লোগান দেওয়ার সময় তারা পাল্টা স্লোগান দিলে উত্তেজনা সৃষ্টি হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এ সময় জাতীয় পার্টির একজন নেতা ছাত্রশক্তির এক নেতার ওপর হামলা চালালে পরিস্থিতি আরও অবনতি ঘটে। পরে ছাত্রশক্তির নেতাকর্মীরা জাতীয় পার্টির ব্যানার ছিঁড়ে ফেলেন।
ঘটনার প্রতিক্রিয়ায় শামীম হায়দার পাটোয়ারী বলেন, হামলাকারীদের পরিচয় নিশ্চিত না হলেও তার ধারণা, স্বাধীনতাবিরোধী একটি চক্র এ ঘটনার পেছনে থাকতে পারে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি ভবিষ্যতেও স্বাধীনতার চেতনা নিয়ে রাজনীতি চালিয়ে যাবে।
অন্যদিকে আহসান লাবীব বলেন, জাতীয় পার্টির স্লোগান থেকেই উত্তেজনার সূত্রপাত হয়েছে এবং তাদের নেতার ওপর হামলার জবাবেই প্রতিক্রিয়া দেখানো হয়েছে।
স্বাধীনতা দিবসের মতো একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে এমন ঘটনায় সেখানে উপস্থিতদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে