নিজামীপুত্রের ইমামতিতে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে মসজিদে হাতাহাতি
পাবনার সাঁথিয়ায় যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ছেলে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতিতে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের আগে পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন জুমার নামাজে ইমামতি করতে গেলে বিএনপি সমর্থকরা আপত্তি জানান। এ নিয়ে মসজিদের ভেতরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ পর্যন্ত মসজিদের নির্ধারিত ইমামের ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি মো. করিম অভিযোগ করেন, দলীয় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ইমামতি করতে চেয়েছিলেন।
তিনি দাবি করেন, খুতবার আগে মাইক্রোফোন নিয়ে বক্তব্য দেওয়ার পর ইমামতি করার ঘোষণা দিলে স্থানীয়রা আপত্তি জানায়। এরপর জামায়াত-শিবির ও এনসিপির কর্মীরা ধাক্কাধাক্কি ও মারধর শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অন্যদিকে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় মুসল্লিদের অনুরোধে তিনি সেখানে গিয়েছিলেন। তার দাবি, বিএনপির নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। নামাজ শেষে তার সমর্থকদের ওপর হামলা ও একটি দোকানে ভাঙচুর-লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সম্ভাব্য উত্তেজনার আশঙ্কায় আগে থেকেই মসজিদে পুলিশ মোতায়েন ছিল। তারপরও নামাজের আগে মসজিদের ভেতরে কথা-কাটাকাটি ও হালকা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
মতামত দিন