বিশ্বকাপ ‘সি’ গ্রুপে ব্রাজিলকে টপকে শীর্ষে স্কটল্যান্ড
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে প্রথম রাউন্ড শেষে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ ও চমকপূর্ণ পয়েন্ট টেবিল পরিস্থিতি। হাই-ভোল্টেজ ম্যাচে ব্রাজিল ও মরক্কোর লড়াই ১-১ গোলে ড্র হওয়ায় দুই দলই পেয়েছে একটি করে পয়েন্ট। অন্যদিকে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। হাইতির বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় ইউরোপের দলটি।
মরক্কোর বিপক্ষে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে ব্রাজিল। তবে শেষ মুহূর্ত পর্যন্ত জয় নিশ্চিত করতে না পারায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সেলেসাওদের। একই দিনে আরেক ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় স্কটল্যান্ড। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ৩৫ বছরের বিশ্বকাপ জয়খরা কাটায় দলটি, যা তাদের গ্রুপের শীর্ষে অবস্থান নিশ্চিত করে।
প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে স্কটল্যান্ড, সমান এক পয়েন্ট নিয়ে দুই ও তিনে রয়েছে মরক্কো ও ব্রাজিল। কোনো পয়েন্ট না পাওয়ায় তলানিতে অবস্থান করছে হাইতি। প্রথম রাউন্ড শেষে গ্রুপ ‘সি’-এর পয়েন্ট টেবিল নিচে দেওয়া হলো:
স্কটল্যান্ড — ১ ম্যাচ, ১ জয়, ৩ পয়েন্ট, গোল ব্যবধান +১
মরক্কো — ১ ম্যাচ, ১ ড্র, ১ পয়েন্ট, গোল ব্যবধান ০
ব্রাজিল — ১ ম্যাচ, ১ ড্র, ১ পয়েন্ট, গোল ব্যবধান ০
হাইতি — ১ ম্যাচ, ১ হার, ০ পয়েন্ট, গোল ব্যবধান -১
ফেয়ার প্লে পয়েন্ট হিসেবেও টেবিলে প্রভাব পড়ছে। হলুদ কার্ড কম থাকায় আপাতত মরক্কো গোল ব্যবধান সমান হলেও ব্রাজিলের ওপরে অবস্থান করছে। বিশ্বকাপ নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি শেষ ষোলোতে উঠবে। পাশাপাশি আটটি সেরা তৃতীয় স্থানের দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিলের সামনে এখন বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগামী ১৯ জুন হাইতির বিপক্ষে এবং ২৪ জুন গ্রুপের শীর্ষ দল স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

মতামত দিন