Views Bangladesh Logo

স্কুলে ছুটির আবেদন লিখে দিন, তবুও বাচ্চাদের মেক্সিকো-ইল্যান্ড ম্যাচ দেখতে দিন: টুখেল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী সোমবার মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৬টায়। তবে ইংল্যান্ডে তখন রাত ১টা, অর্থাৎ ম্যাচ শেষ হতে হতে গভীর রাত। আর পরদিনই স্কুলে যেতে হবে শিশুদের।

এই বাস্তবতাকে সামনে রেখে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল অভিভাবকদের উদ্দেশে দিয়েছেন এক ব্যতিক্রমী ও রসিকতাপূর্ণ পরামর্শ। তাঁর ভাষায়, প্রয়োজনে স্কুলে ছুটির আবেদনপত্র লিখে দিন, তবুও সন্তানদের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখার সুযোগ করে দিন।

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ম্যাচের পর সংবাদ সম্মেলনে হাসতে হাসতে টুখেল বলেন, “স্কুলের জন্য একটা ছুটির আবেদন লিখে দিন, তবুও বাচ্চাদের ফুটবলটা দেখতে দিন। ওদের তো সারা জীবনই স্কুলে যেতে হবে, কিন্তু বিশ্বকাপ আসে মাত্র চার বছর পরপর। ওদের এই মুহূর্তটা উপভোগ করতে দিন। সামনে আমাদের খুব বড় একটা ম্যাচ। সেখানে সবার সমর্থন দরকার, বিশেষ করে শিশুদের।”

শেষ আটে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড খেলবে মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত এই ভেন্যু দীর্ঘদিন ধরেই সফরকারী দলগুলোর জন্য কঠিন পরীক্ষার নাম। টুখেলও স্বীকার করেছেন, মাত্র চার দিনের প্রস্তুতিতে এমন উচ্চতার পরিবেশের সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়া সহজ নয়।

তিনি বলেন, “আজতেকায় মেক্সিকোর বিপক্ষে খেলাটা আমাদের জন্য অবশ্যই বড় চ্যালেঞ্জ। এত অল্প সময়ে শারীরিকভাবে এর সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা প্রস্তুত। পরিস্থিতি যেমনই হোক, লড়াইয়ের জন্য আমরা মাঠে নামব।”

টুখেলের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, একজন কোচের কাছ থেকে ফুটবলের প্রতি এমন আবেগ এবং শিশুদের বিশ্বকাপের স্মরণীয় মুহূর্ত উপভোগ করার আহ্বান প্রশংসার দাবিদার।

এখন দেখার বিষয়, টুখেলের এই আহ্বানে সাড়া দিয়ে ইংল্যান্ডের খুদে সমর্থকেরা রাত জেগে দলের খেলা উপভোগ করে কি না। একই সঙ্গে মাঠের বড় প্রশ্ন—আজতেকার উচ্চতার কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে থ্রি লায়ন্সরা কি মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ