বিশ্বকাপ ফাইনালের আগে ফিফার সূচি নিয়ে ক্ষোভ স্কালোনির
ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে সূচি নির্ধারণ ও বাধ্যতামূলক গণমাধ্যম কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার অভিযোগ, স্পেনের বিপক্ষে লড়াইয়ের আগে পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা।
সোমবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে স্কালোনি জানান, সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দলটি গভীর রাতে আটলান্টা থেকে নিউ জার্সিতে পৌঁছায়। কিন্তু পরদিনই খেলোয়াড়দের সংবাদ সম্মেলনসহ ফিফার বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে হয় এবং নির্ধারিত সময়ের বাইরে অনুশীলনও করতে হয়।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে স্কালোনি বলেন, রাত ১১টার দিকে এখানে পৌঁছেছি, তাই খুব অল্প সময় বিশ্রাম নিতে পেরেছি। কিন্তু পরদিন এমন সময় অনুশীলন করতে হয়েছে, যা আমাদের পরিকল্পনায় ছিল না। সংবাদ সম্মেলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে তাড়াহুড়ো করে অনুশীলন শেষ করতে হয়েছে। কৌশলগত প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাইনি।
তিনি আরও বলেন, বিকেলের তীব্র গরমেও দলকে অনুশীলন করতে হয়েছে, যা খেলোয়াড়দের ওপর অতিরিক্ত শারীরিক চাপ তৈরি করেছে।
স্কালোনির মতে, মাত্র ১৫ দিনে পাঁচটি ম্যাচ খেলায় খেলোয়াড়দের পুনরুদ্ধারই এখন দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি জানান, কয়েকজন ফুটবলার এখনও শতভাগ ফিট নন। তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই ফাইনালের শুরুর একাদশ চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, এখন আমাদের পুরো মনোযোগ খেলোয়াড়দের পুনরুদ্ধারের দিকে। কয়েকজন এখনও শতভাগ ফিট নয়। সবার অবস্থা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেব, তবে আমাদের খেলার ধরন অপরিবর্তিত থাকবে।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। ম্যাচটি জিততে পারলে ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ শিরোপা জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা।
মতামত দিন