নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে স্কালোনি
বিশ্বকাপের শেষ ষোলোয় কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে আর্জেন্টিনার কোচ হিসেবে ১০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন লিওনেল স্কালোনি। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে আগামী শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচ।
এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে শতাধিক ম্যাচ পরিচালনার কীর্তি গড়বেন স্কালোনি। তার আগে এই রেকর্ড ছিল কিংবদন্তি গিয়ের্মো স্তাবিলের দখলে।
এত বড় মাইলফলকের সামনে দাঁড়িয়েও ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের লক্ষ্যের দিকেই মনোযোগ ধরে রাখার কথা জানিয়েছেন ৪৮ বছর বয়সী এই কোচ। জর্ডানের বিপক্ষে জয়ের পর স্কালোনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার প্রথম দিনে আমি যেমন ছিলাম, এখনো ঠিক তেমনই আছি।’
কেপ ভার্দের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলা নিয়ে স্বস্তি বোধ করছেন কি না, জানতে চাইলে প্রতিটি ম্যাচেই একই রকম চাপ অনুভব করার কথা জানান তিনি। তার ভাষায়, ‘ম্যাচের আগে সবসময় একটা অনুভূতি কাজ করে। ফুটবলে সহজ ম্যাচ বলে কিছু নেই।’
২০১৮ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর হোর্হে সাম্পাওলির স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নেন স্কালোনি। শুরুতে সাময়িক নিয়োগ হিসেবে বিবেচিত হলেও অল্প সময়ের মধ্যেই সাবেক এই ডিফেন্ডার জাতীয় দলকে বিশ্ব ফুটবলের অন্যতম প্রভাবশালী শক্তিতে রূপান্তরিত করেন।
তার নেতৃত্বে ২৮ বছরের বড় শিরোপাখরা ঘুচিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা, এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপাও নিজেদের করে নেয় দলটি। পরবর্তীতে আরেকটি কোপা আমেরিকা এবং ফিনালিসিমা শিরোপা জিতিয়ে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সফল অধ্যায় রচনা করেন এই কোচ।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩৬টি ম্যাচের অপরাজিত যাত্রার মধ্য দিয়ে জাতীয় দলের নতুন রেকর্ড গড়ার কৃতিত্বও রয়েছে স্কালোনির।
আর্জেন্টিনার কোচদের মধ্যে স্কালোনির চেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড আছে কেবল গিয়ের্মো স্তাবিলের। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নজর কাড়ার পর ১৯৩৯ সালে দায়িত্ব পাওয়া স্তাবিলে ১২৭ ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন এবং ছয়বার দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতান।
এখন পর্যন্ত ৯৯ ম্যাচে আর্জেন্টিনাকে ৭২ জয়, ১৮ ড্র ও মাত্র ৯ পরাজয় এনে দিয়েছেন স্কালোনি, যা তাকে ইতিমধ্যে দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচদের কাতারে জায়গা করে দিয়েছে।
শতক পূর্ণ করার এই মুহূর্তে নিজের ঝলমলে ক্যারিয়ারে আরও একটি নতুন অধ্যায় যোগ করার সুযোগ থাকছে স্কালোনির সামনে।
মতামত দিন