Views Bangladesh Logo

আর্জেন্টিনাকে ফিফার ‘বিশেষ সুবিধা’, গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্কালোনি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জনের কমতি নেই। ফিফার কাছ থেকে বিশেষ সুবিধা পাওয়া কিংবা রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ প্রায়ই তোলেন প্রতিপক্ষ দলের কিছু সমর্থক। চলতি বিশ্বকাপে এবার সেই প্রসঙ্গ উঠে এল খোদ আর্জেন্টিনা দলের সংবাদ সম্মেলনেই। প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডে কাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় মায়ামিতে চমক জাগানো কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে প্রতিপক্ষ নিয়ে আলোচনার পাশাপাশি অনলাইনে ছড়িয়ে পড়া তথাকথিত ‘পক্ষপাতের’ অভিযোগ নিয়েও কথা বলতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের এই কোচকে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, প্রশ্ন শুনে কোনো ঘুরপথে না গিয়ে সরাসরি জবাব দেন স্কালোনি। এসব গুঞ্জন থেকে দল কীভাবে নিজেদের দূরে রাখে, সেই উপায়ও বাতলে দেন তিনি, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা না পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকাবেন না, ব্যস এটুকুই। যদি ওসব না দেখেন, তবে এসব জানতেও পারবেন না।’

লাইক, কমেন্ট, শেয়ারের এই যুগে ভিত্তিহীন যেকোনো কথা যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে বাস্তবতাকে আড়াল করে দিতে পারে, তা ভালোই জানা স্কালোনির। আর্জেন্টাইন কোচ বলেন, ‘আজকাল যে কেউ যেকোনো ভিত্তিহীন বিষয় পোস্ট করে তিলকে তাল বানিয়ে ফেলতে পারে। আমার মনে হয়, এসব বিষয়কে আমাদের বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয়।’

আর্জেন্টিনা শিবির অবশ্য বিশ্বাস করে, তাদের সাফল্য কারও দয়ায় পাওয়া নয়; এর পেছনে আছে পুরো দলের কঠোর পরিশ্রম। স্কালোনির মতে, এই সফল অধ্যায়ে অবদান রেখেছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি থেকে শুরু করে কিটম্যান মারিও দে স্তেফানো পর্যন্ত সবাই।

প্রসঙ্গটিতে ইতি টেনে স্কালোনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম জিনিসটাই এমন। এর ভালো দিক যেমন আছে, তেমনি কিছু খারাপ দিকও আছে। দুর্ভাগ্যবশত, যে কেউ যেকোনো আজেবাজে কথা পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক সেকেন্ডের মধ্যে তা ছড়িয়ে পড়ে সবখানে। আমরা এসবের দিকে একদমই কান দিই না, ব্যস এটুকুই।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ