Views Bangladesh Logo

২৫ বছর পূর্ণ হওয়ার আগে চাকরি ছাড়লে মিলবে না পেনশন: আপিল বিভাগ

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে কোনো সরকারি কর্মচারী পেনশন সুবিধা পাবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের মাধ্যমে এ বিষয়ে হাইকোর্টের আগের রায় বাতিল করা হয়েছে।

গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

বিচারপতি ফারাহ মাহবুবের লেখা ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ৯ জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

মামলার তথ্য অনুযায়ী, মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ২০১১ সালের ৩১ জানুয়ারি ১৯ বছর চাকরি শেষে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে ১৯ বছরের চাকরির ভিত্তিতে ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক (গ্র্যাচুইটি) দাবি করেন।

তবে ২০১৫ সালে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানায়, সরকারি চাকরি বিধিমালা (বিএসআর পার্ট-১) অনুযায়ী পদত্যাগ করলে পেনশনের ক্ষেত্রে পূর্বের চাকরির মেয়াদ বাজেয়াপ্ত হয়। এরপর তিনি হাইকোর্টে রিট করলে ২০২১ সালে হাইকোর্ট সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে তার পক্ষে রায় দেন।

পরে সরকারের করা আপিলে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে জানায়, আইনপ্রণেতারা বিচক্ষণ ও যৌক্তিক বিবেচনায় ২৫ বছর পূর্ণ হওয়ার আগে পদত্যাগকারী সরকারি কর্মচারীদের পেনশন সুবিধা না দেওয়ার বিধান করেছেন। তাই ২৫ বছর পূর্ণের আগে স্বেচ্ছায় চাকরি ছাড়লে পেনশনের অধিকার সৃষ্টি হয় না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ