Views Bangladesh Logo

হুতিদের নিয়ন্ত্রণে চীনের সহায়তা চায় সৌদি

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক সামরিক অগ্রযাত্রা ঠেকাতে ইরানের ওপর প্রভাব খাটানোর জন্য চীনের সহায়তা চেয়েছে সৌদি আরব। রিয়াদের অনুরোধের পর বেইজিং ব্যক্তিগতভাবে তেহরানকে হুতিদের ওপর নিজেদের প্রভাব কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

বিষয়টির সঙ্গে পরিচিত তিন ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সূত্রগুলোর ভাষ্য, গত এক সপ্তাহে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূল এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির আশপাশে দ্রুত অগ্রসর হয়েছে। এতে সৌদি আরবের তেল রপ্তানি ও গুরুত্বপূর্ণ নৌপথে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ঝুঁকি বেড়েছে।

প্রকাশ্যে চীন সংযম, সংলাপ এবং নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানালেও ব্যক্তিগত পর্যায়ে তেহরানের কাছে দেওয়া বার্তায় আরও সরাসরি অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন ইরানি সূত্রগুলো।

তাদের দাবি, সংঘাত যাতে লোহিত সাগর ও গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য ইরানকে হুতিদের ওপর তার প্রভাব কাজে লাগাতে বলেছে বেইজিং।

তবে চীনের বার্তাটি কীভাবে তেহরানের কাছে পৌঁছানো হয়েছে, তা স্পষ্ট নয়। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীন সফর করলেও ওই সফরের সময়ই বার্তাটি দেওয়া হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

চীনের উদ্বেগের জবাবে তেহরান জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের অবসান প্রয়োজন—এমনটাই জানিয়েছেন সূত্রগুলো।

তিন ইরানি সূত্রের ভাষ্য অনুযায়ী, হুতিদের ওপর প্রভাব খাটাতে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বা অন্য কোনো ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়নি চীন। রয়টার্সের প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, ইয়েমেন ও লোহিত সাগরে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ুক, তা তারা চায় না। একই সঙ্গে সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান এবং মানুষের জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা না করার আহ্বান জানিয়েছে বেইজিং।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ