সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নেবেন নারীরা
পবিত্র কোরআনের প্রচার ও প্রসারে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির ঐতিহ্যবাহী ‘বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা’য় প্রথমবারের মতো যুক্ত করা হচ্ছে নারী বিভাগ। আসন্ন ৪৬তম আসর থেকে নারী হাফেজরাও এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সম্প্রতি এই যুগান্তকারী সিদ্ধান্তের অনুমোদন দেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
রোববার (১০ মে) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করে আরব নিউজ। ১৯৭৯ সালে এই প্রতিযোগিতা শুরু হওয়ার পর দীর্ঘ ৪৫ বছরের ইতিহাসে এবারই প্রথম সরকারিভাবে নারী প্রতিযোগীদের জন্য দুয়ার উন্মুক্ত হলো। মক্কার মসজিদুল হারামে প্রতিবছর আয়োজিত এই আসরটি মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ আয়োজন হিসেবে স্বীকৃত।
সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শায়খ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখের একটি বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাদশাহ সালমান এই অনুমোদন প্রদান করেন। সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এই উদ্যোগকে প্রতিযোগিতার ইতিহাসের একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেছে। এর মাধ্যমে বিশ্বের নারী ও পুরুষ উভয় শ্রেণির কোরআনে হাফেজদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত হলো। আগামী ১৯ আগস্ট এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আয়োজনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।
এই সিদ্ধান্তের জন্য বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ। তিনি বলেন, “এই উদ্যোগটি পবিত্র কোরআনের প্রচার ও প্রসারে সৌদি নেতৃত্বের আন্তরিকতার বহিঃপ্রকাশ। একইসঙ্গে এটি সমাজের প্রতিটি স্তরে নারীদের মেধা ও ভূমিকার প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতির একটি বড় প্রমাণ।”
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন আসরের জন্য এরই মধ্যে সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে এবং প্রতিযোগিতার মান সর্বোচ্চ পর্যায়ে রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণত বিশ্বের শতাধিক দেশ থেকে বাছাই করা হাফেজরা এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নারীদের জন্য আলাদা বিভাগ চালুর ফলে এবারের আসরটি আগের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় ও অংশগ্রহণমূলক হয়ে উঠবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে