সৌদি আরবে বিশাল স্বর্ণভাণ্ডারের সন্ধান
সৌদি আরবের রাষ্ট্রীয় খনি কোম্পানি মাদেন দেশটির চারটি স্থানে নতুন করে ৭৮ লাখ আউন্স (প্রায় দুই লাখ ২১ হাজার কেজি) স্বর্ণের মজুদের সন্ধান দিয়েছে। এ আবিষ্কার দেশের খনিজ সম্পদ সম্প্রসারণ এবং বিশ্বমানের স্বর্ণ শিল্প গড়ে তোলার লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।
প্রাথমিক ড্রিলিংয়ে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণের অস্তিত্ব ধরা পড়লেও বার্ষিক হিসাব মিলিয়ে নিট মজুদ নিশ্চিত করা হয়েছে ৭৮ লাখ আউন্স। মজুদের সর্বাধিক বৃদ্ধি দেখা গেছে মানসুরা মাসারাহ খনিতে, যেখানে গত বছরের তুলনায় ৩০ লাখ আউন্স স্বর্ণের মজুদ বেড়েছে।
এছাড়া উরুক ২০/২১ ও উম্ম আস সালাম খনিতে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং নতুন আবিষ্কৃত ওয়াদি আল জাও খনিতে প্রথমবারের মতো ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ পাওয়া গেছে।
মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই সাফল্য আমাদের দীর্ঘমেয়াদি কৌশলের প্রতিফলন। এটি প্রমাণ করে যে কোম্পানির পরিকল্পনা মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে। আমাদের স্বর্ণ পোর্টফোলিও আরও সমৃদ্ধ হচ্ছে এবং ভবিষ্যতে নগদ আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে।
প্রকল্পগুলোর মধ্যে মানসুরা মাসারাহ খনিতে বর্তমানে ১১ কোটি ৬০ লাখ টন আকরিক ধারণার সম্ভাবনা রয়েছে। এখানে প্রতি টন আকরিক থেকে গড়ে ২.৮ গ্রাম হারে স্বর্ণ পাওয়া যায়, যা মোট এক কোটি ৪ লাখ আউন্সের সম্ভাব্য স্বর্ণ।
কোম্পানি জানিয়েছে, খনির গভীরে আরও নতুন খনিজ স্তরের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২০২৬ সালে ড্রিলিং কার্যক্রম অব্যাহত থাকবে।
মাদেন আরও জানিয়েছে, মধ্য সৌদি আরবের স্বর্ণসমৃদ্ধ অঞ্চলগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে বিদ্যমান খনি অঞ্চলের পরিধি বৃদ্ধি করা যায়। ঐতিহাসিক মাহদ খনিতেও নতুন খনিজ স্তরের সন্ধান পাওয়া গেছে, যা খনিটির আয়ুষ্কাল বাড়াতে সহায়ক হবে। সূত্র: গালফ নিউজ

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে