এক সপ্তাহে ১২,৬১৩ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি, আটক ১৪ হাজারের বেশি
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে এক সপ্তাহে ১২ হাজার ৬১৩ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে বিভিন্ন অভিযোগে ১৪ হাজার ১৫৪ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে এসব আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ১০৩ জন আবাসন আইন, ৩ হাজার ৩৯৭ জন শ্রম আইন এবং ৩ হাজার ৬৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, অনুমতি ছাড়া দেশত্যাগের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২৩ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের পরিবহন, আশ্রয় দেওয়া বা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার অভিযোগে আরও ১৭ জনকে আটক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আইন লঙ্ঘনের অভিযোগে ৩০ হাজার ৬৭৯ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি ৫ হাজার ৪২৪ জন বহিষ্কারের আগে প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।
এদিকে অবৈধ অভিবাসনে সহযোগিতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে সৌদি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়েছে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, পরিবহন করা, আশ্রয় দেওয়া বা লুকিয়ে রাখতে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দ এবং অপরাধীর পরিচয় জনসম্মুখে প্রকাশসহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।
মতামত দিন