Views Bangladesh Logo

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

ইরানে হামলার পেছনে ছিলেন সৌদি যুবরাজ, গোপনে ট্রাম্পকে চাপ দিয়েছিলেন বারবার

শনিবার ভোর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে ব্যাপক হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির অনেক শীর্ষ নেতা ও সামরিক কমান্ডার প্রাণ হারিয়েছেন। কিন্তু এই হামলার পেছনে কে ছিল? মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, এর নেপথ্যে রয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেই।

পত্রিকাটি চার কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুবরাজ সালমান গত কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করে ইরানে হামলার জন্য চাপ দিয়েছিলেন। অথচ প্রকাশ্যে তিনি সম্পূর্ণ উল্টো কথা বলছিলেন। জানুয়ারিতে তিনি বলেছিলেন, সৌদি আরব ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে এবং আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো উচিত। এমনকি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সৌদির মাটি বা আকাশ ইরানে হামলার কাজে ব্যবহার করতে দেবেন না।

কেন হামলা চাইছিল সৌদি আরব?
ওয়াশিংটন পোস্ট বলছে, দুটো কারণ মূলত কাজ করেছে। প্রথমত, সৌদি আরব তাদের তেলক্ষেত্রগুলো রক্ষা করতে চাইছিল। দ্বিতীয়ত, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরানকে দুর্বল করার সুযোগ তারা হাতছাড়া করতে চায়নি। শিয়া ইরান ও সুন্নি সৌদি আরবের মধ্যে কয়েক দশরের পুরনো বৈরিতা মধ্যপ্রাচ্যে বহু ছায়াযুদ্ধের জন্ম দিয়েছে।

এদিকে সৌদি ও ইসরায়েলের যৌথ চাপে পড়ে শেষ পর্যন্ত ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন, এই ভারি বোমা হামলা সপ্তাহজুড়ে বা প্রয়োজন হলে আরও দীর্ঘ সময় ধরে চলবে।

পাল্টা হামলায় এখন সৌদিই আক্রান্ত
তবে পরিস্থিতি এখন সৌদি আরবের জন্যও সুখকর নয়। ইরান পাল্টা হামলা চালিয়েছে দুবাই, দোহা এবং সৌদির রাজধানী রিয়াদেও। এর পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। যুবরাজ সালমান প্রতিবেশী দেশগুলোর নেতাদের সঙ্গে ফোনে কথা বলে জানিয়েছেন, ইরানের এই হামলার প্রতিশোধ নিতে সৌদি আরব তার সব সম্পদ ব্যবহার করতে প্রস্তুত।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ