Views Bangladesh Logo

যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে জটিল হয়ে ওঠায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স–এর বরাতে জানা গেছে, আজ শুক্রবার সৌদি আরবের জেদ্দায় এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, এই প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। তবে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ এবং এর প্রভাবে উপসাগরীয় অঞ্চল, হরমুজ প্রণালি ও লোহিত সাগরে নৌ চলাচল ব্যাহত হওয়ায় চুক্তির প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হয়েছে। সৌদি সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও শুক্রবার চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে।

চুক্তি স্বাক্ষরের আগে জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। একই সময়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও সৌদি আরব সফরে রয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাঁর সফর ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে। তুরস্কের প্রেসিডেন্সিও জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ান শুক্রবার সৌদি আরবে পৌঁছাবেন।

প্রস্তাবিত এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে চুক্তির বিস্তারিত শর্ত, যৌথ সামরিক সহযোগিতার কাঠামো কিংবা এর বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ