সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদ উপলক্ষে মুসলিমরা ঈদের নামাজ আদায়, কুরবানি এবং হজের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।
ঈদুল আজহার আগের দিন মঙ্গলবার হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ সম্পন্ন করেন হাজিরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ১৬ লাখ মুসল্লি পবিত্র আরাফাতের ময়দানে সমবেত হয়ে ইবাদত, দোয়া ও তওবায় মগ্ন হন। এ ছাড়াও হাজিদের ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত এলাকা।
এ সময় আরাফাতের মসজিদে নামিরায় হজের খুতবা প্রদান করেন মসজিদুল হারামের ইমাম শায়খ আলি আল হুদাইফি। খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বশান্তি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাসহ ৩৫টি ভাষায় ওই খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়।
সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় অবস্থান করেন এবং মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। বুধবার মিনার বড় জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তী ধাপে হাজিরা কোরবানি এবং হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ঈদকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে। হজ পালন নির্বিঘ্ন করতে ও নিরাপদ রাখতে ব্যাপক প্রস্তুতি এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে