সৌদিতে প্রবাসী কর্মীদের জন্য কঠোর সতর্কবার্তা
বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের জন্য নতুন করে কঠোর সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। বৈধ ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘন করে নিজ উদ্যোগে কিংবা অনুমোদনহীনভাবে কাজ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কর্মীদের আবাসন, শ্রম ও সীমান্তসংক্রান্ত আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য, ওয়ার্ক পারমিটে নির্ধারিত নিয়োগকর্তার বাইরে গিয়ে স্বাধীনভাবে কাজ করা দেশটির শ্রম আইনের স্পষ্ট লঙ্ঘন।
নতুন নির্দেশনা অনুযায়ী, অপরাধের মাত্রা ও পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে শাস্তির পরিমাণ বাড়বে।
প্রথমবার নিয়ম ভঙ্গ করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে ২৫ হাজার রিয়াল জরিমানার পাশাপাশি এক মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
তৃতীয়বার বা তার বেশি একই অপরাধ করলে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং সাজা শেষে নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে।
সৌদি কর্তৃপক্ষের এই সতর্কবার্তার ফলে দেশটিতে কর্মরত বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিটে নির্ধারিত নিয়োগকর্তা ও কাজের শর্ত মেনে চলার বিষয়ে আরও সতর্ক থাকার প্রয়োজন দেখা দিয়েছে।
মতামত দিন