Views Bangladesh Logo

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের এ সাজা দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আজেল নিউজ নামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এ তথ্য জানানো হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আকতার।

বিবৃতিতে বলা হয়, মক্কার একটি পবিত্র মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঘটনার পরপরই সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

পরবর্তী সময়ে বিচারিক আদালত মামলার বিচার শেষে তাদের দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন। অপরাধের গুরুতরতা এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ রায় দেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর রাজকীয় ফরমানের মাধ্যমে সাজা কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, দেশটির সরকার নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা ক্ষুণ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ