৫ হাজার পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠালো সৌদি আরব
গত ১৬ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ হাজার ৪০২ জন পাকিস্তানি ভিক্ষুককে ইসলামাবাদে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে শুধু সৌদি আরবই ৫ হাজার ৩৩ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে। খবর ডন
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৪ মে) পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় পরিষদে (এনএ) বিভিন্ন দেশ থেকে বিতাড়িত পাকিস্তানি ভিক্ষুকদের তালিকা প্রকাশ করেছে। এদিন, পাকিস্তানের জাতীয় পরিষদে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এমএনএ সেহর কামরানের করা এক প্রশ্নের লিখিত উত্তরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এসব তথ্য উপস্থাপন করেন।
দেশটির হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে মোট ৫ হাজার ৪০২ জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০২৪ সালেই ফেরত পাঠানো হয়েছে ৪ হাজার ৮৫০ জনকে।
দেশটির প্রদেশভিত্তিক তথ্য অনুযায়ী, এসব দেশে থেকে ফেরত আসা পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন সিন্ধু প্রদেশের—মোট ২ হাচার ৭৯৫ জন। এরপর পাঞ্জাবের ১ হাজার ৪৩৭ জন, খাইবার পাখতুনখোয়ার ১ হাজার ২ জন, বেলুচিস্তানের ১২৫ জন, কাশ্মীর অঞ্চলের ৩৩ জন এবং ইসলামাবাদের ১০ জন রয়েছেন।
সৌদি আরবের পর সবচেয়ে বেশি ২৪৭ জনকে দেশে পাঠিয়েছে ইরাক। আর সংযুক্ত আরব আমিরাত ফেরত পাঠিয়েছে ৫৮ জনকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে