তিন দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা সৌদি আরবের
ইবোলা ভাইরাসের সম্ভাব্য বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। একই সঙ্গে এসব দেশের নাগরিকদের নতুন ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশও স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানানো হয়, নিষেধাজ্ঞাটি শুধু ওই তিন দেশ থেকেই সরাসরি আসা যাত্রীদের ক্ষেত্রে নয়, বরং অন্য কোনো দেশের মাধ্যমে (ভায়া) সৌদি আরবে প্রবেশের চেষ্টাকারীদের ক্ষেত্রেও কার্যকর হবে। এছাড়া সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে ডিআরসি, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন—এমন বিদেশি নাগরিকদের ওপরও একই নিয়ম প্রযোজ্য হবে।
দেশটির পাবলিক হেলথ অথরিটি ‘ওয়াকায়া’ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং সংক্রামক রোগের আন্তঃদেশীয় বিস্তার প্রতিরোধের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে মহামারি মোকাবিলার প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে।
এদিকে, যেসব দেশ ইবোলা আক্রান্ত অঞ্চলের প্রতিবেশী, সেখান থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করছে সৌদি কর্তৃপক্ষ। দেশের সব প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা, রোগ শনাক্তকরণ, নজরদারি এবং জরুরি সাড়াদান ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে।
ওয়াকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবে জনস্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন এই বিধিনিষেধ কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত কোনো ইবোলা-সন্দেহভাজন ব্যক্তি বা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বৈশ্বিক ও আঞ্চলিক স্বাস্থ্য পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় আরও ব্যবস্থা নেওয়া হবে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
মতামত দিন