Views Bangladesh Logo

বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব

লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরে বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে গঠিত প্রতিরক্ষা জোটের জন্য একজন কমান্ডার নিয়োগ দিয়েছে সৌদি আরব। এই দায়িত্ব পেয়েছেন রয়্যাল সৌদি নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালিম আল-শেহরি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়ার অ্যাডমিরাল আল-শেহরি জোটের প্রতিরক্ষা কাঠামোর তদারকি, সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয়, অন্যান্য সামুদ্রিক নিরাপত্তা জোটের সঙ্গে যোগাযোগ এবং জোটের সামগ্রিক অভিযান পরিচালনার দায়িত্ব পালন করবেন।

গত জুলাইয়ের মাঝামাঝি ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠী বাব আল-মান্দেব প্রণালি ও লোহিত সাগরের বাণিজ্যিক নৌপথে অবরোধ আরোপ করে। এই প্রণালিটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে এবং এটি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর ইরান হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করলে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলো বিকল্প হিসেবে লোহিত সাগরের রুট ব্যবহার শুরু করে। এ কারণে বাব আল-মান্দেব প্রণালির কৌশলগত গুরুত্ব আরও বেড়ে যায়। সৌদি আরবের ইয়ানবু বন্দরও এই প্রণালির কাছাকাছি অবস্থিত। জুলাইয়ের শেষ দিকে হুথিরা ইয়ানবু বন্দরে ড্রোন হামলা চালায়।

ইয়ানবু বন্দরে হামলার পরই এই প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নেয় রিয়াদ। সৌদি আরব যুক্তরাষ্ট্রে অবস্থিত তাদের দূতাবাসের মাধ্যমে ৬০টি দেশের সঙ্গে যোগাযোগ করে। এর মধ্যে ১৪টি দেশ জোটে যোগ দিতে সম্মত হয়।

জোটের সদস্য দেশগুলো হলো— সৌদি আরব, বাংলাদেশ, বাহরাইন, কোমোরোস, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরও কয়েকটি দেশ জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশের পশ্চিমমুখী রপ্তানির প্রায় ৭০ শতাংশ, বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রগামী পণ্য, লোহিত সাগর হয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথের নিরাপত্তা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: আল জাজিরা

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ