বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন সৌদি রাষ্ট্রদূত
বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্সের নাম পরিবর্তন হচ্ছে। চলতি বছর থেকে পুরস্কারটির নাম হবে ‘বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। নতুন নামে প্রথমবারের মতো এই পুরস্কার পাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহাইলান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, চলতি মাসের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত আল দুহাইলানের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। পুরস্কার প্রদানের বিষয়টি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনাও চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, সৌদি রাষ্ট্রদূত আল দুহাইলান বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কর্মসংস্থান, বাণিজ্য এবং বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে, বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো ও সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুবিধা বাড়ানোর ক্ষেত্রে তার প্রচেষ্টা প্রশংসনীয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আল দুহাইলানের কাজের মাধ্যমে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে। তার দক্ষ নেতৃত্ব ও দূরদর্শী কূটনৈতিক নীতি আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। তাই তাকে এই সম্মাননা প্রদান করার সিদ্ধান্তটি যৌক্তিক।
২০২০ সালে এই পুরস্কার দেওয়া শুরু হয়। পুরস্কার হিসেবে থাকে দুই ভরি ওজনের একটি স্বর্ণের মেডেল এবং একটি সাইটেশন। তবে এবার মেডেলের ওজন তিন ভরির বেশি হবে বলে জানা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে