Views Bangladesh Logo

আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পুরোনো গবেষণার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে আবারও সড়কে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বাংলাদেশ-চীন মৈত্রী সিগন্যালে পৌঁছালে তাঁরা সেখানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

একই সঙ্গে শেরেবাংলা নগরের গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহের কর্মসূচিও ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

এদিকে আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় সভায় সব ধরনের পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। পাশাপাশি বেলা ১১টার পর থেকে কোনো ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বিভিন্ন বর্ষের আন্দোলনকারীরা একত্র হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।

পুরোনো বাণিজ্য মেলার মাঠ নিজেদের গবেষণার কাজে ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে গত ২৭ অক্টোবর আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন মাঠে প্রস্তাবিত সচিবালয় নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও যানবাহন আটকে ক্যাম্পাসে নিয়ে আসেন তাঁরা।

পরদিন মাঠে চলমান মেলা বন্ধের জন্য সময়সীমা বেঁধে দেন আন্দোলনকারীরা। এরপর মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ২৯ অক্টোবর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ওই দিন জাতীয় যুবমেলাসহ মাঠে চলমান সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তবে মেলা বন্ধের ঘোষণা এলেও মাঠের স্থাপনা অপসারণ না করা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে কর্মসূচি অব্যাহত রাখেন তাঁরা। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর মাঠটি চাষ করে নিজেদের দখলে নেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

দীর্ঘদিনের গবেষণার মাঠ ফিরে পাওয়ার দাবিতে শিক্ষার্থীদের ধারাবাহিক কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর এবং চলমান বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ