জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: বঙ্গভবনের কর্মী ছরওয়ারের জামিন
জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের কর্মী মোহাম্মদ ছরওয়ারে আলম। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করেন।
প্রসিকিউশনের পক্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা আদালতকে এ তথ্য জানান। এর আগে হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনে করা মামলায় বুধবার রাতে ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই খন্দকার সালেহ আবু নাইম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানিতে বাদীপক্ষে জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের বিরোধিতা করেন, আর আসামিপক্ষে আইনজীবী মো. আলমগীর জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন এবং পরে জামিন মঞ্জুর করেন।
এ মামলার বাদী হয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। গত শনিবার জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি ‘নারীবিদ্বেষী’ পোস্টকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়। ওই পোস্টে নারীর নেতৃত্ব ও আধুনিকতার বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে বিতর্কিত মন্তব্য করা হয়।
সমালোচনার মুখে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্টটি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল অভিযোগ জানায়।
পরে মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের অভিযানে মতিঝিল এলাকা থেকে ছরওয়ারে আলমকে আটক করা হয়। তাকে আটক করার আগে হাতিরঝিল থানায় অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে বুধবার রাত পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
রাত সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান শফিকুল ইসলাম জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গোয়েন্দা শাখার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ছরওয়ারে আলমের বিরুদ্ধে জামায়াত আমিরের এক্স পোস্টের সঙ্গে সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাদের ভাষ্য অনুযায়ী, মূলত রাজনৈতিক চাপের কারণেই তাকে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে