Views Bangladesh Logo

১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে: তারেক রহমানকে সারজিসের প্রশ্ন

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছুড়ে দিয়েছেন।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?’ তবে এই মন্তব্যের বিষয়ে তিনি পোস্টে কোনো ব্যাখ্যা দেননি।

এর আগে দেওয়া আরেকটি পোস্টে সারজিস আলম দাবি করেন, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্রে ৩ আগস্ট ঘোষিত ‘এক দফা’, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা এবং আন্দোলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়নি।

তার ভাষ্য, প্রামাণ্যচিত্রটি দেখলে মনে হতে পারে, জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি; বরং এটি একটি দলীয় অভ্যুত্থান ছিল।

সারজিস আলম আরও অভিযোগ করেন, ইতিহাসকে দলীয়ভাবে উপস্থাপনের যে প্রবণতা অতীতে আওয়ামী লীগের মধ্যে ছিল, বিএনপিও একই পথে হাঁটছে বলে তার মনে হচ্ছে।

পোস্টে তিনি লেখেন, শুধু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দুঃখপ্রকাশে এ ধরনের দলীয়করণ ও ইতিহাস বিকৃতির অভিযোগ থেকে দায়মুক্তি পাওয়া যাবে না।

উল্লেখ্য, বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর সেটিতে জুলাই আন্দোলনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তির অনুপস্থিতির অভিযোগ তুলে উপস্থিতদের একাংশ প্রতিবাদ জানান। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান সারজিস আলম।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ