সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের অভিযোগ
রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় স্টুডিওর বিভিন্ন যন্ত্রপাতি, সিসি ক্যামেরা ও আসবাব ভাঙচুর এবং কিছু মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সালমান মুক্তাদিরের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে প্রতিশোধ হিসেবে তাঁর স্টুডিওতে হামলা চালানো হয়েছে। তিনি হামলার সঙ্গে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগও করেছেন। তবে বিএনপির সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর রোববার রাত ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। সেখানে তিনি হামলার ঘটনা তুলে ধরেন এবং বলেন, তাঁর কোনো কর্মী হামলায় আহত হননি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেও তিনি চাঁদা দাবির বিষয়টি উল্লেখ করেন।
স্টুডিওর এক কর্মকর্তার ভাষ্য, রাত সাড়ে ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।
ঘটনার পর প্রকাশিত ভিডিও ও বিভিন্ন ছবিতে স্টুডিওর ভাঙচুর হওয়া অংশ, ক্যামেরা, সিসি ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। তবে পুলিশ বলছে, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরের একটি কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করা হয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মতামত দিন