বিএমডিসির নতুন সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম
চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) পুনর্গঠন করেছে সরকার। গত ২০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিএমডিসি থেকে এ তথ্য জানা গেছে।
এদিন সিরডাপ মিলনায়তনে পুনর্গঠিত বিএমডিসি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলের সদস্যরা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন ও বিভিন্ন কমিটি গঠন করেন। কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন বিএসএমএমইউ’র পেড্রিয়াটিক সার্জারির সাবেক অধ্যাপক সাইফুল ইসলাম।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন সভাপতি এবং কমিটির বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে।
এদিকে কমিটি গঠনের পর আজ বিকেলে বিএমডিসি কাউন্সিলের সদস্যরা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেছেন।
উপদেষ্টা কাউন্সিল সদস্যদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসা সেবা প্রাপ্তি সম্পর্কিত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিএমডিসিকে পদক্ষেপ নিতে হবে। চিকিৎসা শিক্ষার মান বজায় রেখে জনগণ যাতে মানসম্মত চিকিৎসা পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারওয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. আবু জাফর, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. সাইদুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পুনর্গঠিত পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতামত দিন