সাইফ আলি খানের ওপর হামলায় বাংলাদেশি যুবকের সংশ্লিষ্টতা দাবি মুম্বাই পুলিশের
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে মুম্বাই পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, রোববার ভোরে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের ৩০ বছর বয়সী এক যুবককে অভিনেতার বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ভারতে প্রবেশের পর শেহজাদ নিজের পরিচয় গোপন করে নাম বদলে বিজয় দাস রেখেছিল। মুম্বাই পুলিশের কর্মকর্তা দীক্ষিত গেদাম জানিয়েছেন, শেহজাদ অবৈধ উপায়ে ভারতে ঢুকে ভুয়া পরিচয়পত্র তৈরি করে হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন।
পুলিশ জানায়, অভিযুক্ত শেহজাদ ৫-৬ মাস আগে মুম্বাইয়ে আসেন। তার কাছ থেকে প্রাপ্ত নথি ভুয়া বলে প্রমাণিত হয়েছে এবং তিনি ভারতীয় নাগরিকত্বের কোনো বৈধ প্রমাণ দেখাতে পারেননি।
জিজ্ঞাসাবাদে শেহজাদ দাবি করেছেন, তিনি জানতেন না যে তিনি সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করেছেন। তার উদ্দেশ্য ছিল চুরি করা। তবে হঠাৎ সাইফ আলি খান তার সামনে উপস্থিত হলে আতঙ্কে ছুরি দিয়ে আক্রমণ করে পালিয়ে যান।
মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কোনো পূর্ব অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তবে তার পেছনের ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে এবং অবৈধভাবে ভারতে প্রবেশের কারণ জানার চেষ্টা চলছে।
এদিকে, মুম্বাই পুলিশের দাবি অনুযায়ী শেহজাদ বাংলাদেশি হলেও, এখন পর্যন্ত তার নাগরিকত্বের স্বপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।
উল্লেখ্য, সাইফ আলি খান তার স্ত্রী কারিনা কাপুর এবং তাদের দুই ছেলে জেহ ও তৈমুরকে নিয়ে মুম্বাইয়ের 'সতগুরু শরণ' ভবনের ১২ তলায় বসবাস করেন। হামলার পর সাইফ নিজেই সন্তানকে সঙ্গে নিয়ে হাসপাতালে ছুটে যান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে