সাদিও মানে: সেনেগালের মুকুটহীন রাজা
বিশ্বকাপ থেকে সেনেগালের বিদায়টা হলো হৃদয়ভাঙা এক নাটকের মতো। শেষ ৩২-এর লড়াইয়ে সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে হাবিব দিয়াররা ও ইসমাইলা সারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ‘তেরাঙ্গার সিংহরা’; নির্ধারিত সময়ের মাত্র মিনিট পাঁচেক বাকি থাকতেও জয় ছিল হাতের মুঠোয়। কিন্তু ফুটবল-বিধাতা লিখে রেখেছিলেন অন্য গল্প। ৮৬ মিনিটে রোমেলু লুকাকু আর ৮৯ মিনিটে ইউরি তিলেমানসের গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষমেশ অতিরিক্ত সময়েরও একেবারে অন্তিম মুহূর্তে, ভিএআর-এ পাওয়া পেনাল্টি থেকে ১২৫ মিনিটে তিলেমানসের গোলে ৩-২ ব্যবধানে হেরে চোখের জলে বিশ্বকাপকে বিদায় জানায় সেনেগাল। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দেরিতে হওয়া জয়সূচক গোলটিই কেড়ে নিল তাদের স্বপ্ন। এমনকি বেলজিয়াম কোচ রুডি গার্সিয়াও ম্যাচ শেষে স্বীকার করেছেন, জয়টা প্রাপ্য ছিল সেনেগালেরই।
এমন বেদনাদায়ক বিদায়ের রাতেও মাথা উঁচু করে মাঠ ছেড়েছেন একজন—সাদিও মানে। ফ্রান্স আর নরওয়ের মতো পরাশক্তির গ্রুপ পেরিয়ে দলকে নকআউটে তুলে আনা, আক্রমণ থেকে রক্ষণ—সবখানে নিজেকে উজাড় করে দেওয়া এই মানুষটিই ছিলেন সেনেগালের প্রাণভোমরা। ট্রফি হয়তো তার হাতে ওঠেনি, কিন্তু কোটি মানুষের হৃদয়ের সিংহাসনে তার আসনটি অটুট। তাই তো তিনি—সেনেগালের মুকুটহীন রাজা।
সাদিও মানে আফ্রিকার ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সেনেগালের সর্বকালের অন্যতম ক্রীড়াবিদ। তিনি ১৯৯২ সালের ১০ এপ্রিল সেনেগালের বামবালি গ্রামের এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন বড় ফুটবলার হওয়ার।
বাবা ইমাম হবার কারণে, প্রথমে মানের ফুটবল খেলার বিপক্ষে ছিলেন। তার বাবা সাত বছর বয়সে মারা যান এবং পরবর্তীতে ফুটবলের প্রতি ভালোবাসার কারণে পনের বছর বয়সে এক বন্ধুর সহায়তায় বাড়ি থেকে পালিয়ে যান। পরিবারের সবাই প্রথমে ফুটবল খেলার বিপক্ষে থাকলেও তিনি নিজের স্বপ্ন থেকে সরে আসেননি। দারিদ্র্য, সীমিত সুযোগ এবং নানা প্রতিকূলতার মধ্যেও কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি বিশ্ব ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্রে পরিণত হন।
তার পেশাদার ফুটবলজীবনের সূচনা হয় ফ্রান্সের মেটজ ক্লাবে। এরপর তিনি অস্ট্রিয়ার রেড বুল সালজবুর্গে যোগ দিয়ে লিগ ও কাপ উভয় শিরোপা জয় করেন। পরে ইংল্যান্ডের সাউদাহ্যাম্পটনের হয়ে খেলাকালে মাত্র দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে তিনটি গোল করে ইংল্যান্ডের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড গড়েন। এরপর লিভারপুলে যোগ দিয়ে তিনি দলের অন্যতম প্রধান তারকায় পরিণত হন। সেখানে তিনি ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা, ইংল্যান্ডের সর্বোচ্চ লিগ, বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ, ইউরোপীয় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা এবং ইংল্যান্ডের একাধিক ঘরোয়া শিরোপা জয় করেন। লিভারপুলের পরে তিনি জার্মানির বায়ার্ন মিউনিখের হয়ে খেলেন এবং বর্তমানে সৌদি আরবের আল-নাসেরে খেলছেন।
সেনেগাল জাতীয় দলের হয়ে সাদিও মানের অবদান অসামান্য। তার নেতৃত্বে সেনেগাল প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার শিরোপা জয় করে। একই বছরে তিনি সেনেগালকে বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ গোলদাতা এবং বহু বছর ধরে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
চলমান ২০২৬ বিশ্বকাপেও সাদিও মানে তার অসাধারণ নেতৃত্ব, পরিশ্রম এবং আত্মনিবেদন দিয়ে সবাইকে মুগ্ধ করছেন। একজন আক্রমণভাগের খেলোয়াড় হয়েও তিনি শুধু গোল করার দায়িত্ব পালন করছেন না, বরং প্রয়োজনে মাঝমাঠে নেমে খেলার গতি নিয়ন্ত্রণ করছেন এবং রক্ষণভাগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গ্রুপ পর্বে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে তার করা দুটি গুরুত্বপূর্ণ বল ক্লিয়ারেন্স প্রমাণ করে যে, দলের প্রয়োজনে তিনি একজন রক্ষণভাগের খেলোয়াড়ের মতোও দায়িত্ব পালন করতে পারেন। এমনকি বাম পায়ের খেলোয়াড় হলেও, এই বিশ্বকাপে দারুণ ভাবে ডান পা ব্যবহার করছেন যেটা তিনি আগে করতেন না। এই অসাধারণ কর্মক্ষমতা, আত্মত্যাগ এবং নেতৃত্বই তাকে বিশ্বের অন্যতম সম্পূর্ণ ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে তিনি একটি দৃষ্টিনন্দন গোলের সুযোগ তৈরি করে সতীর্থকে দিয়ে গোল করান। তিনটি গ্রুপ ম্যাচে তিনি সতীর্থদের জন্য মোট নয়টি গোলের সুযোগ সৃষ্টি করেছেন। প্রতিপক্ষের গোলমুখে তিনি পাঁচটি শট নিয়েছেন। যদিও এখন পর্যন্ত তিনি নিজে গোল করতে পারেননি, তবুও আক্রমণভাগে তার প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি বল দখলে রেখে প্রায় আটাশি শতাংশ নিখুঁত পাস দিয়ে দলের আক্রমণ ও মাঝমাঠের সংযোগ অটুট রেখেছেন।
গ্রুপ পর্বে তিনি তিনটি সফল ট্যাকল, দুটি বল ক্লিয়ারেন্স এবং তিনটি বল কেড়ে নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। চলমান বেলজিয়ামের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচেও তাকে শুরু থেকেই আক্রমণ ও রক্ষণভাগের মধ্যে সংযোগ স্থাপন করতে এবং দলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে।
ব্যক্তিগত অর্জনের দিক থেকেও তিনি অত্যন্ত সফল। তিনি দুবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের সম্মান লাভ করেছেন এবং বহুবার বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকায় স্থান পেয়েছেন। তার গতি, বল নিয়ন্ত্রণ, নিখুঁত পাস, প্রতিপক্ষকে পরাস্ত করার দক্ষতা, দুই পায়ে সমান দক্ষতায় খেলার সামর্থ্য এবং নিঃস্বার্থ দলীয় মানসিকতা তাঁকে সমসাময়িক ফুটবলের অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
মাঠের বাইরেও সাদিও মানে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি নিজের জন্মগ্রাম বামবালিতে একটি আধুনিক হাসপাতাল, একটি বিদ্যালয়, একটি ডাকঘর, একটি জ্বালানি কেন্দ্র, একটি ক্রীড়াঙ্গন এবং উচ্চগতির ইন্টারনেট-সুবিধা স্থাপনে অর্থায়ন করেছেন। তিনি গ্রামের প্রতিটি পরিবারকে নিয়মিত মাসিক আর্থিক সহায়তা প্রদান করেন এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করেছেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং দরিদ্র মানুষের কল্যাণে তিনি বিপুল অর্থ ব্যয় করেছেন। তার বিভিন্ন জনকল্যাণমূলক অনুদানের অংক প্রায় চৌদ্দ লক্ষ একানব্বই হাজার পাউন্ড ছাড়িয়ে গেছে।
সাদিও মানের ব্যক্তিগত জীবনও অত্যন্ত সরল। তিনি বহুবার বলেছেন, দামি গাড়ি, বিলাসবহুল প্রাসাদ বা মূল্যবান অলংকারের চেয়ে মানুষের মুখে হাসি ফোটানোই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। একবার তাকে ভাঙা পর্দার একটি মুঠোফোন ব্যবহার করতে দেখা গেলে তিনি বলেন, সেটি মেরামত করেই ব্যবহার করা যায়; অযথা নতুন কিনে অর্থ অপচয় করার কোনো প্রয়োজন নেই। ধর্মীয় জীবনেও তিনি অত্যন্ত অনুরাগী। নিয়মিত নামাজ আদায় করেন এবং গোল করার পর সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাদিও মানে কেবল একজন বিশ্বমানের ফুটবলার নন; তিনি অধ্যবসায়, বিনয়, নেতৃত্ব, ধর্মীয় মূল্যবোধ এবং মানবসেবার এক অনন্য প্রতীক। তার জীবন প্রমাণ করে, প্রকৃত সাফল্য শুধু খ্যাতি, অর্থ বা শিরোপায় নয়; বরং মানুষের কল্যাণে নিজের সামর্থ্যকে উৎসর্গ করার মধ্যেই একজন মানুষ সত্যিকারের মহান হয়ে ওঠেন। তাই বলা যায় এমন একজন ফুটবলার যে কোন তরুণের জন্য একজন আদর্শ উদাহরণ।
মতামত দিন