জামায়াতে যোগ দিয়ে ডাকসুর ভিপি থাকার নৈতিকতা হারিয়েছেন সাদিক কায়েম: রাশেদ খাঁন
ছাত্রশিবির ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম ওই পদে থাকার নৈতিকতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, জুলাই আন্দোলনের ৯ দফা দাবির মধ্যে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে ছাত্রশিবির চাপ দিয়েছিল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের এতে সম্মত না হওয়ায় আলোচনার মাধ্যমে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার বিষয়টি যুক্ত করা হয়।
তিনি অভিযোগ করেন, সেই ছাত্রশিবিরই এখন সবচেয়ে বড় লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠনে পরিণত হয়েছে।
রাশেদ লেখেন, জাতীয় নির্বাচনের সময় ডাকসুর বর্তমান ভিপিসহ ডাকসুর অধিকাংশ নেতা দাঁড়িপাল্লার পক্ষে খ্যাপ মেরেছে। এখন আবার ডাকসুর ভিপি থাকা অবস্থায় সাদিক কায়েম শিবির থেকে পদত্যাগ করে জামায়াতে যোগ দিয়েছেন এবং জামায়াতের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হয়েছেন।
তিনি আরও বলেন, জুলাইয়ের সময় ও ছাত্র সংসদ নির্বাচনের আগে তারা লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করার ওয়াদা করেছিল। এখন সেই ওয়াদা ভঙ্গ করে প্রকৃতপক্ষে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। সাদিক কায়েমও জামায়াতে যোগ দিয়ে ডাকসুর ভিপি পদে থাকার নৈতিকতা হারিয়েছেন।
এ কারণে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে অনতিবিলম্বে ডাকসুর ভিপি পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান রাশেদ খাঁন।
গত সোমবার আনুষ্ঠানিকভাবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের পদ ছাড়েন সাদিক কায়েম। সেদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক কারণে কেন্দ্রীয় কমিটির নয়জন নেতা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
মতামত দিন