সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: দুই নৌযানের রুট পারমিট বাতিল, ২ তদন্ত কমিটি গঠন
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট নৌযান দুটির রুট পারমিট বাতিল করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে দায় নির্ধারণ করে ‘এমভি আশা-যাওয়া-৫’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। একইসঙ্গে ঘটনাটি তদন্তে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, তদন্তে দোষী প্রমাণিতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নৌপথে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে তিনি জানান, নিহতের পরিবারকে সর্বোচ্চ আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান বর্তমানে আশঙ্কামুক্ত। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান রাতে সাময়িকভাবে ব্যাহত হলেও বৃহস্পতিবার সকাল থেকে আবারও তা জোরদার করা হবে।
উল্লেখ্য, বুধবার বিকেলে যাত্রী ওঠানোর সময় সদরঘাটে দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. সোহেল নামে এক যুবক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। ঈদ ও তৈরি পোশাক খাতের ছুটিকে কেন্দ্র করে যাত্রী চাপ বাড়ায় নৌপথে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে