কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেনস্থানীয় কর্মকর্তারা।
দেশটির স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানায়, শনিবার (১ আগষ্ট) সকালে সংঘটিত এই হামলায় আহত হন ২৮ জন।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো বলেছেন, রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এএফপির প্রতিবেদন অনুযায়ী কিয়েভে দশটিরও বেশি বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, হামলার কারণে শহরজুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে দার্নিতস্কি জেলায়। জরুরি সেবা সংস্থা জানিয়েছে, সেখানে এক হামলায় দুই শিশুসহ অন্তত ৭ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। অন্যদিকে সোলোমিয়ানস্কি জেলায় একটি পাঁচতলা আবাসিক ভবন আংশিক ধসে পড়ে দুজন নিহত ও দুই শিশুসহ আটজন আহত হন।
এছাড়া শেভচেনকিভস্কি এলাকার একটি আবাসিক ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেতরে বেশ কিছু মানুষ আটকা পড়েছেন বলে জানান মেয়র ক্লিটস্কো।
সম্প্রতি ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে মস্কো। এই হামলার মাত্র দুই দিন আগেই ইউক্রেন সীমান্তে সন্দেহভাজন একটি রুশ ক্রুজ মিসাইল পোল্যান্ডে গিয়ে পড়ে। এতে একই পরিবারের ছয়জনসহ অন্তত আটজন নিহত হন।
পরপর এসব হামলায় উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জরুরি ভিত্তিতে তার মিত্রদের কাছে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতেই ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বৈঠকে ইউক্রেনেই 'প্যাট্রিয়ট' ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার অনুরোধ জানানোর পর এই হামলার ঘটনা ঘটল।
সংবাদমাধ্যমটি বলছে, শুক্রবার ক্যাম্প ডেভিডে এক মন্ত্রিপরিষদ বৈঠকের পর ট্রাম্প নিশ্চিত করেন যে, যুক্তরাষ্ট্র এখনও ইউক্রেনকে প্যাট্রিয়ট তৈরির অনুমতি দেয়নি, তবে এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি
মতামত দিন