Views Bangladesh Logo

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার ভোররাতের এ হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। হামলায় বড় বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের গুদাম ও লজিস্টিকস কেন্দ্রও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ। হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে আগুনের বড় বড় শিখা দেখা যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া আকাশপথে হামলার মাত্রা বাড়ানোয় প্রতি কয়েক দিন পরপরই কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। তিনি দেশটির মিত্রদের প্রতি দ্রুত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ও প্রয়োজনীয় ইন্টারসেপ্টর সরবরাহের আহ্বান জানান।

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া এ হামলায় ১১৫টি ড্রোন, ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ৯০ শতাংশ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ও জিরকন ক্ষেপণাস্ত্রগুলোর কোনোটি প্রতিহত করা যায়নি।

কিয়েভ দীর্ঘদিন ধরেই মার্কিন নির্মিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র সংকটে ভুগছে। ইউক্রেনের হাতে থাকা এই ব্যবস্থাই রাশিয়ার উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রধান অস্ত্র। তবে মজুত কমে যাওয়ায় সাম্প্রতিক হামলাগুলো মোকাবিলায় দেশটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ