Views Bangladesh Logo

ইউক্রেনে ত্রাণ বিতরণকেন্দ্রে রুশ হামলা, নিহত অন্তত ২৬

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ঝাপোরিজিয়া অঞ্চলে মানবিক সহায়তা বিতরণের কাজে ব্যবহৃত একটি স্কুল ও আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয়ভাবে কার্যকর ছয় দিনের যুদ্ধবিরতির অবসানের কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলা চালানো হয়। এতে রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া আশাও নতুন করে অনিশ্চয়তায় পড়েছে।

সোমবার (২ নভেম্বর) ঝাপোরিজিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির জরুরি সেবা বিভাগ হতাহতের তথ্য নিশ্চিত করেছে। আঞ্চলিক ভারপ্রাপ্ত গভর্নর মিখাইলো সেমিকিন জানান, নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়।

ইউক্রেনের রুশ নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি করতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় স্থানীয় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। গত ২৯ অক্টোবর শুরু হওয়া ছয় দিনের এ বিরতি রোববার শেষ হয়। এ সময় দুই পক্ষের কেউই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেনি।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগের প্রকাশ করা ভিডিওতে হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল ভবনটিকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে। সেখানে উদ্ধারকর্মীদের তল্লাশি চালানোর দৃশ্যও রয়েছে। নিহত দুই উদ্ধারকর্মীর নাম ডেনিস কোনোভালেঙ্কো ও ওলেক্সি সুশেভস্কি। তাঁদের দুজনেরই বয়স ৪৪ বছর।

জেলেনস্কি বলেন, প্রতি সোমবার ওই স্কুলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হতো। মানুষ সহায়তা নিতে সেখানে পৌঁছানোর সময় রুশ বাহিনী প্রথম দফায় কয়েকটি বিমান থেকে বোমা নিক্ষেপ করে। পরে আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে দ্বিতীয় দফায় আরও বোমা হামলা চালানো হয়। তাঁর অভিযোগ, বেসামরিক মানুষের উপস্থিতির বিষয়টি জেনেই হামলা চালানো হয়েছে।

হামলায় নিহত উদ্ধারকর্মীদের স্মরণ করে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, তাঁরা প্রতিদিন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতেন এবং অন্যদের জীবন রক্ষায় কাজ করতেন। সংস্থাটির ভাষ্য, দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা নিজেরাই প্রাণ হারিয়েছেন।

জেলেনস্কি বলেন, ওলেশকিতে যুদ্ধবিরতির মাধ্যমে শান্তির পথে আরও অগ্রসর হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তী হামলা সেই সম্ভাবনার বিপরীত বার্তা দিয়েছে। তাঁর অভিযোগ, রাশিয়া উত্তেজনা কমানোর পরিবর্তে প্রাণহানির পথেই এগোচ্ছে। এ ঘটনার জবাব দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে রাশিয়া নিজেদের সামরিক অবস্থান আরও শক্তিশালী করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এ বিষয়ে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুদ্ধবিরতির সময় সামরিক অবস্থান পুনর্গঠনের চেষ্টা করা এ ধরনের পরিস্থিতিতে স্বাভাবিক বিষয়। অতীতেও ইউক্রেনের সেনাবাহিনী যুদ্ধের বিরতি কাজে লাগিয়ে নিজেদের পুনর্গঠিত করেছে বলে অভিযোগ করেন তিনি। তবে ওলেশকিতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অভিযানকে সফল হিসেবে দেখছে মস্কো।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ