Views Bangladesh Logo

রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে আফগানিস্তান

রাশিয়ার আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ সামরিক সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। বিবিসিকে একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


এই সহায়তা নিশ্চিত করতে মুখ্য ভূমিকা রেখেছেন তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। সূত্র জানায়, প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের বিষয়ে মস্কোর সঙ্গে তালেবানের আগে থেকেই আলোচনা চলছিল এবং প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মস্কো সফরে সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।


বিবিসির সূত্রগুলো জানিয়েছে, দুই পক্ষ একটি চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের পাশাপাশি স্থল সামরিক সরঞ্জাম এবং তালেবান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে চুক্তিতে ড্রোনের মতো আক্রমণাত্মক সরঞ্জামও আছে কিনা, তা এখনো স্পষ্ট নয়। রাজধানী মস্কোতে এই নথিতে স্বাক্ষর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা সের্গেই শোইগু এবং প্রতিরক্ষামন্ত্রী মুজাহিদ।


গত মঙ্গলবার একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মস্কো সফর করেন মুজাহিদ। তালেবান সরকারের একটি সূত্র বিবিসিকে জানায়, সফরটি আগে থেকেই নির্ধারিত ছিল এবং প্রস্তুতির জন্য আগেই একটি প্রতিনিধিদল মস্কো গিয়েছিল।
বৈঠকে মুজাহিদ বলেন, 'রাশিয়া এই অঞ্চল ও বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ। রাশিয়ান ফেডারেশনের সঙ্গে সম্পর্ক আমাদের কাছে বিশেষ গুরুত্বের। আমরা আশা করি এই সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী হবে।'


রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলো দীর্ঘদিন ধরে আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে মুজাহিদ এসব গোষ্ঠীর বিরুদ্ধে তালেবানের লড়াইয়ের দিকটি তুলে ধরেছেন। শোইগুও সম্প্রতি বলেছেন, রাশিয়া তালেবান সরকারের সঙ্গে পূর্ণাঙ্গ অংশীদারিত্ব গড়ার প্রক্রিয়ায় রয়েছে এবং অন্যান্য দেশকেও কাবুলের সঙ্গে সহযোগিতা বাড়াতে উৎসাহিত করছে।


এদিকে কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে সংঘাতে আকাশ প্রতিরক্ষা খাতে আফগানিস্তানের দুর্বলতা স্পষ্ট হয়ে পড়ে। পর্যবেক্ষকদের মতে, সেই ঘটনার পর থেকেই তালেবান সরকার আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম অর্জনে বেশি তৎপর হয়ে উঠেছে।


আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর যে কয়টি দেশ কাবুলে দূতাবাস চালু রেখেছে, রাশিয়া তাদের মধ্যে অন্যতম। ২০২২ সালে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় রাশিয়া আফগানিস্তানে তেল, গ্যাস ও গম সরবরাহ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ