Views Bangladesh Logo

সন্ত্রাসে সহায়তার অভিযোগে টেলিগ্রাম প্রতিষ্ঠাতার বিরুদ্ধে রাশিয়ায় মামলা

এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ এনেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

বুধবার (২৮ জুলাই) এফএসবির এক বিবৃতিতে বলা হয়, টেলিগ্রামে থাকা এমন কিছু কনটেন্ট অপসারণ করা হয়নি, যা ইউক্রেনের বিশেষ বাহিনী এবং বিভিন্ন সন্ত্রাসী ও উগ্রপন্থি সংগঠন রাশিয়ার ভূখণ্ডে নাশকতা, সন্ত্রাসী হামলার পরিকল্পনা, গণহত্যা ও সাইবার প্রতারণার সমন্বয়ে ব্যবহার করেছে। তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি টেলিগ্রাম বা এর প্রতিষ্ঠাতা পাভেল দুরভ।

২০১৩ সালে যাত্রা শুরু করা টেলিগ্রাম বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এর সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিরও বেশি। বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে উভয় পক্ষের সামরিক, প্রশাসনিক ও সাধারণ মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে টেলিগ্রাম ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

গত কয়েক বছর ধরে টেলিগ্রামের কার্যক্রম নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে রাশিয়া। একই সময়ে দেশটির সরকার রাষ্ট্রীয় সমর্থিত নিজস্ব মেসেজিং প্ল্যাটফর্ম ‘ম্যাক্স’ ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করছে। রাশিয়ায় জন্ম নেওয়া পাভেল দুরভ বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্সের নাগরিক। টেলিগ্রাম প্রতিষ্ঠার আগে তিনি রাশিয়ার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ভিকনতাকতে’ (ভিকে) প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালে রুশ কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের পর তিনি প্রতিষ্ঠানটির অবশিষ্ট মালিকানা বিক্রি করে দেশ ছাড়েন।

অন্যদিকে, টেলিগ্রামের কার্যক্রম নিয়ে ফ্রান্সেও তদন্ত চলছে। ফরাসি কর্তৃপক্ষের অভিযোগ, অপরাধমূলক কর্মকাণ্ড দমনে টেলিগ্রাম প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অনুরোধে পর্যাপ্ত সহযোগিতা করেনি। যদিও পাভেল দুরভ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

বিশ্লেষকদের মতে, টেলিগ্রামকে ঘিরে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর পৃথক তদন্ত এবং আইনি পদক্ষেপ প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ কার্যক্রম ও বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করতে পারে।

সূত্র: রয়টার্স

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ