চূড়ান্ত শান্তিচুক্তি নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া: পুতিন
ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে রাশিয়া প্রস্তুত। তবে সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে চূড়ান্ত শান্তিচুক্তির আওতায় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েই আলোচনা করতে চায় মস্কো।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিককে পুতিন বলেন, ‘এই আলোচনার লক্ষ্য হবে চূড়ান্ত চুক্তির কাঠামোর মধ্যে ইউক্রেন ও রাশিয়া উভয়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা করা। যুদ্ধের মধ্যে স্বল্পমেয়াদি কোনো বিরতির পর এ বিষয়ে আলোচনা করার লক্ষ্য নয়।’
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে রাশিয়া সম্মত হয়েছে বলে জানান পুতিন। এর আগে তার জ্যেষ্ঠ সহকারী ইউরি উশাকভ জানিয়েছিলেন, আগামী ১০ নভেম্বরের পর রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হতে পারে।
এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে নরওয়ের রাজধানী অসলতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। তবে যুদ্ধ বন্ধে এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি।
মতামত দিন