বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার
মার্কিন নিষেধাজ্ঞাজনিত সংকট কাটাতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহারের প্রস্তাব দিয়েছে রাশিয়া। পাশাপাশি পৃথক অর্থ পরিশোধ কাঠামো তৈরি এবং ঢাকায় একটি রুশ ব্যাংকের শাখা চালুর আগ্রহও প্রকাশ করেছে দেশটি। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠেয় বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার বাণিজ্য কমিশনের বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর রুশ ব্যাংকগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রচলিত পথে অর্থ লেনদেন কঠিন হয়ে পড়েছে। এর জেরেই বিকল্প মুদ্রা হিসেবে রুপির প্রস্তাব দিয়েছে মস্কো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধেও একই জটিলতা দেখা দিয়েছে; চীনা ইউয়ানে পরিশোধের প্রস্তাব থাকলেও নিষেধাজ্ঞার শঙ্কায় সংশ্লিষ্ট ব্যাংকগুলো আগ্রহ দেখায়নি। বর্তমানে সোনালী ব্যাংকে রাশিয়ার নামে খোলা হিসাবে ঋণের কিস্তি জমা হলেও তা এখনো রাশিয়ায় পাঠানো যায়নি। উল্লেখ্য, ভারত-রাশিয়া আনুষ্ঠানিক মুদ্রা বিনিময় চুক্তি ছাড়াই বাণিজ্যের একাংশ রুপিতে চালাচ্ছে, আর বাংলাদেশও ভারতের সঙ্গে ডলারের পাশাপাশি রুপিতে লেনদেন করে থাকে।
বাণিজ্য সম্প্রসারণে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠন, পোশাক রপ্তানিকারকদের নিবন্ধিত তালিকা তৈরি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সহায়তার প্রস্তাবও দিয়েছে রাশিয়া। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে বাংলাদেশ থেকে রাশিয়ায় প্রায় ২৪ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, বিপরীতে সার-গমসহ প্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত রয়েছে। আসন্ন বৈঠকে বাংলাদেশ প্রযুক্তি হস্তান্তরকে সর্বোচ্চ গুরুত্ব দেবে, পাশাপাশি জ্বালানি, কৃষি, ডিজিটাল অর্থনীতি ও দক্ষতা উন্নয়নেও সহযোগিতা নিয়ে কথা হবে।
এদিকে বাংলাদেশে নিযুক্ত রুশ চার্জ দ্য অ্যাফেয়ার্স ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করে। সেখানে জি-টু-জি ভিত্তিতে বিসিআইসিকে প্রায় ২ লাখ ৮০ হাজার টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহ দেখায় রাশিয়া, আন্তর্জাতিক বাজারদরের চেয়ে টনপ্রতি ১০ ডলার কমে। সূর্যমুখী তেল, ছোলা ও ডাল রপ্তানিতেও আগ্রহ জানায় দেশটি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
মতামত দিন