Views Bangladesh Logo

আইনশৃঙ্খলার চরম অবনতি নিয়ে সংসদে ক্ষোভ রুমিন ফারহানার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের উদ্বেগজনক চিত্র তুলে ধরে তিনি সংসদে বক্তব্য দিয়েছেন।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৭১ বিধিতে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

টিআইবির একটি প্রতিবেদনের পরিসংখ্যান তুলে ধরে রুমিন ফারহানা দাবি করেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশে অপরাধের গ্রাফ আকাশচুম্বী হয়েছে। এর মধ্যে কেবল মার্চ ও এপ্রিল মাসেই মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। এমনকি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি।

দেশের নারী ও শিশুদের নিরাপত্তার বিপর্যয়ের চিত্র তুলে ধরে তিনি জানান, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৯৬টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন।

রুমিন ফারহানা বলেন, অর্থনীতি ও আইনশৃঙ্খলা — এই দুটি বিষয়ের ওপরই সরকারের ৫০ ভাগ সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে, বাকি ৫০ ভাগ অন্যান্য মন্ত্রণালয়ের ওপর। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তার ব্যর্থতার এই খতিয়ান আরও স্পষ্টভাবে তুলে ধরা যেত বলেও মন্তব্য করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ