মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ায় সংসদে বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, মনোনয়ন না পাওয়ার কারণেই তিনি বুঝতে পেরেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কত লক্ষ মানুষ তার পাশে ছিলেন। দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এই উপলব্ধির সৌভাগ্য তার হতো না।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রুমিন ফারহানা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের প্রশ্নও তোলেন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে প্রায় সব কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয়। দীর্ঘদিন ধরে এই ক্ষমতার ভারসাম্য আনার দাবি উঠলেও এবারও রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ অনুমোদিত ভাষণই দিলেন।
তিনি প্রশ্ন রাখেন, রাষ্ট্রপতিকে এটুকু স্বাধীনতা দিতে না পারলে কোন ভারসাম্যের কথা বলা হচ্ছে।
যেসব নেতাকর্মী দল থেকে বহিষ্কৃত হয়েও তার পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান রুমিন ফারহানা। পাশাপাশি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি তাকে স্নেহ দিয়ে রাজনীতিতে এনেছিলেন।
তিনি বলেন, এই সংসদে বেগম জিয়ার অপূর্ণতা কোনোদিন পূরণ হবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে